১০ দিনে ১৫০ কোটি পারিশ্রমিক কমল হাসানের রেকর্ড ।
১০ দিনে ১৫০ কোটি পারিশ্রমিক কমল হাসানের রেকর্ড । ছবি: ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাসে কমল হাসানের নাম এক অনন্য স্থান দখল করে রেখেছে। শিশু অভিনেতা থেকে শুরু করে পরিচালক, গায়ক, রাজনীতিবিদ—প্রায় প্রতিটি রূপে নিজেকে প্রমাণ করেছেন এই বহুমুখী শিল্পী। আর এবার তার ঝুলিতে যোগ হয়েছে এক নতুন রেকর্ড: ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের সায়েন্স ফিকশন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ আবারও আলোচনার কেন্দ্রে। এবার আলোচনার বিষয় সিনেমার দৃশ্যপট নয়, বরং এতে অভিনয় করা সুপারস্টার কমল হাসানের আকাশচুম্বী পারিশ্রমিক।

সম্প্রতি, যুগি সেতু এক সাক্ষাৎকারে জানান, নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয়ের জন্য কমল হাসান প্রায় ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

ইন্ডিয়া গ্লিটজকে যুগি সেতু বলেন, “কমল স্যারের মর্যাদা এমনই যে, তিনি মাত্র ২০ দিনের কলশিটে ১৫০ কোটি রুপি পেয়েছেন। জন্মদিনে আমি বলেছিলাম, আপনি এখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা, প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার পাচ্ছেন।”

মজার ঘটনা হলো, শুটিংয়ের দৈর্ঘ্য নিয়ে পরে সংশোধন আসে, প্রকৃতপক্ষে কমল হাসান ১০ দিনের শুটিং করেছিলেন। 

এ কথা শুনে যুগি সেতু মজা করে বলেন, “তাহলে আমি সংশোধন করছি, তিনি দিনে ২০ লাখ ডলার পাচ্ছেন!”

বলা দরকার, যুগি সেতু শুধু কমল হাসানের সহকর্মী নন, গত দুই দশকেরও বেশি সময় ধরে তার ঘনিষ্ঠ বন্ধু।

তারা একসঙ্গে অভিনয় করেছেন পঞ্চতন্ত্রম (২০০২) এবং অ্যানবে শিবম (২০০৩)-এর মতো ছবিতে।

‘কাল্কি ২৮৯৮ এডি’-তে কমল হাসান অভিনয় করেছেন ‘সুপ্রিম ইয়াস্কিন’ চরিত্রে—এক স্বৈরাচারী শাসক, যে ‘কমপ্লেক্স’ নামের ডিস্টোপিয়ান জগত শাসন করে। যদিও স্ক্রিনে কমল হাসানের উপস্থিতি কম, তবে চরিত্রটি গল্পের মূল কেন্দ্রে রয়েছে। শেষের দিকে ইঙ্গিত রয়েছে যে সিক্যুয়ালে তার ভূমিকা আরও বড় হবে।

গত দশকে কমল হাসানের সিনেমা বাজারে কিছুটা মন্দার মুখে পড়লেও, ২০২২ সালে ‘বিক্রম’ ছবির মাধ্যমে তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করেন। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটের সেই ছবি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি আয় করে তাঁর বাণিজ্যিক মূল্য আবার আকাশচুম্বী করে তোলে।

‘কাল্কি’-র সিক্যুয়ালের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সম্প্রতি অমিতাভ বচ্চন শেয়ার করেছেন, বহুদিন পর কমল হাসানের সঙ্গে একসঙ্গে কাজ করছেন। এছাড়াও শিগগিরই তাকে দেখা যেতে পারে রজনীকান্তের সঙ্গে একটি ছবিতে, যার পরিচালক নেলসন দিলীপকুমার।