‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির ঘোষণা।
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির ঘোষণা। ছবি: ছবি: সংগৃহীত

তৃতীয় কিস্তি মুক্তির আগেই জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি Welcome–এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। নতুন এই পর্ব নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, ‘ওয়েলকাম ফোর’কে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে এবং খুব শিগগিরই কাস্টিং নির্ধারণ করা হবে।

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, নতুন কিস্তিতে দর্শকরা আবারও দেখতে পাবেন জনপ্রিয় চরিত্র উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুকে। পাশাপাশি গল্পে যুক্ত হবে নতুন কয়েকজন খলনায়ক, যা সিনেমাটিকে আরও বিনোদনপূর্ণ করে তুলবে।

এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি Welcome to the Jungle–এর মুক্তি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনও নাকচ করেছেন নাদিয়াদওয়ালা। তিনি জানান, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য প্রস্তুত।

এই কিস্তিতে অভিনয় করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার,আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল। 

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া Welcome সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য অর্জন করে। পরে ২০১৫ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি Welcome Back। পরিচালক আনিস বাজমি–এর পরিচালনায় নির্মিত প্রথম দুটি পর্ব দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বলিউডের সফল কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘ওয়েলকাম’ অন্যতম হিসেবে বিবেচিত হয়ে আসছে।