
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’ (Who’s Who) সম্মাননায় ভূষিত হয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
উল্লেখ্য, ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী ‘হুজ হু’ প্রতিষ্ঠানটি গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা দিয়ে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে দুই বছর পরপর এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যার উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা।
সম্মাননা গ্রহণ করে ববিতা বলেন, তার বাবা-মায়ের স্বপ্ন ছিল সন্তানদের প্রতিষ্ঠিত করা। এ স্বীকৃতি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তার বাবা ‘হুজ হু’ সম্পর্কে জানতেন। তিনি এ সম্মাননা বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন এবং এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি তাদের কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে।
একই আয়োজনে কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, ববিতা সম্প্রতি একুশে পদকও লাভ করেছেন। বর্তমানে তিনি নিয়মিত অভিনয়ে না থাকলেও ভালো গল্প পেলে আবারও পর্দায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।



