
বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর দিয়েছেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, তাদের পরিবারে আসছে নতুন সদস্য-দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই দম্পতি।
রোববার (১৯ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তারা। পোস্ট করা ছবিতে দেখা যায়, তাদের একমাত্র মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে রয়েছে, যা থেকেই দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত স্পষ্ট হয়। মুহূর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও এই সুখবর জানার পর শুভেচ্ছা জানাতে শুরু করেন। পারিবারিক আনন্দঘন মুহূর্ত ঘিরে পোস্টটি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠ এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এরপর ২০২৪ সালে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়, যার মাধ্যমে শুরু হয় তাদের নতুন পারিবারিক অধ্যায়।
প্রথম সন্তানকে দীর্ঘ সময় আলোচনার বাইরে রাখার পর পরে সামাজিক মাধ্যমে পরিচয় করিয়ে দেন এই তারকা দম্পতি। এবার দ্বিতীয় সন্তানের আগমনের খবরে আবারও উচ্ছ্বসিত বলিউড অঙ্গন ও ভক্তরা।



