অভিনেতা ফিনিয়ান গারবাট্ট
অভিনেতা ফিনিয়ান গারবাট্টছবি: সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন বিবিসি নর্দার্ন আয়ারল্যান্ডের জনপ্রিয় পুলিশ ড্রামা ‘হোপ স্ট্রিট’-এ অভিনয় করা অভিনেতা ফিনিয়ান গারবাট্ট। পরিবার জানিয়েছে, তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ব্যাংগরে জন্ম নেয়া এই তরুণ অভিনেতা সিরিজটির শেষ তিনটি সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। কাউন্টি ডাউনের ডোনাগাডিতে চিত্রায়িত এই সিরিজে তার পারফরম্যান্স তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।

পরিবার ও ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, ফিনিয়ান দীর্ঘদিন ধরে ত্বকের ক্যানসার, বিশেষ করে ম্যালিগন্যান্ট মেলানোমার সঙ্গে লড়াই করছিলেন। প্রায় চার বছর আগে লকডাউনের সময় একটি সাধারণ ঘটনা থেকেই তার রোগটি প্রথম ধরা পড়ে। তখন এক নাপিত তার গলায় একটি সন্দেহজনক তিল লক্ষ্য করেন, যা পরে পরীক্ষা-নিরীক্ষার পর ক্যানসার হিসেবে শনাক্ত হয়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং নিজের অসুস্থতার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন, যাতে অন্যরাও সচেতন হতে পারেন।

চলতি বছরের মার্চে ফিনিয়ান জানান, তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে এবং ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। তিনি তখন বলেন, সম্প্রতি তার পিঠ ও নিতম্বে তীব্র ব্যথা শুরু হয় এবং হাসপাতালে স্ক্যানের পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে রোগটি দ্রুত অগ্রসর হচ্ছে। সেই সময় তিনি এটিও জানান যে তিনি জীবনের ‘শেষ পর্যায়ে’ পৌঁছে গেছেন এবং বিষয়টি খোলাখুলিভাবে জানানো তার জন্য সহজ ছিল, যাতে তিনি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারেন।

তার মৃত্যুর পর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতিতে জানায়, ফিনিয়ান ছিলেন একজন অসাধারণ স্বামী, বাবা, সন্তান, ভাই এবং বন্ধু। তারা আরও বলেন, হঠাৎ শারীরিক অবস্থার অবনতির পর তার মৃত্যু হয়েছে, যা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ফিনিয়ান গত বছর তার সঙ্গী লুইসাকে বিয়ে করেছিলেন এবং তাদের এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

তার মৃত্যুতে সহ-অভিনেতা ও সহকর্মীদের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে প্রাণবন্ত ও উদারমনা একজন মানুষ হিসেবে স্মরণ করেছেন। অভিনেতা ক্যামেরন কাফে বলেন, ফিনিয়ান ছিলেন এমন একজন ব্যক্তি যিনি অনেকের জীবনে আনন্দ ছড়িয়ে দিয়েছেন। একইভাবে বিবিসি নর্দার্ন আয়ারল্যান্ডের কন্টেন্ট কমিশনিং প্রধান এডি ডয়েল জানান, ‘হোপ স্ট্রিট’-এর সাফল্যে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে পিসি রায়ান পাওয়ার চরিত্রে তার অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল।

প্রযোজনা সংস্থা লং স্টোরি টিভি এক বিবৃতিতে ফিনিয়ানকে ‘হোপ স্ট্রিট পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য’ হিসেবে উল্লেখ করে জানায়, তিনি সেটে সবসময় ইতিবাচক পরিবেশ তৈরি করতেন এবং সহকর্মীদের মধ্যে খুবই প্রিয় ছিলেন। তার মৃত্যুতে পুরো টিম গভীরভাবে শোকাহত।

ফিনিয়ান গারবাট্ট অভিনয়জীবন শুরু করেন রয়েল ওয়েলস কলেজ অব মিউজিক অ্যান্ড ড্রামা থেকে ২০১৯ সালে স্নাতক হওয়ার পর। তিনি বেলফাস্টের লিরিক থিয়েটারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকে বেনভোলিও চরিত্রে অভিনয় করেন এবং বিবিসির হাসপাতালভিত্তিক সিরিজ ‘ক্যাসুয়ালটি’-তেও কাজ করেন। পাশাপাশি বড় পর্দায় ‘হাউজ জেকারস’ চলচ্চিত্রে রেমন্ড চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়, যা গত বছর বেলফাস্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছিল।

তার অকাল মৃত্যুতে যুক্তরাজ্যের টেলিভিশন ও থিয়েটার অঙ্গনে শোকের পরিবেশ বিরাজ করছে। সহকর্মী, ভক্ত ও দর্শকরা তাকে একজন প্রতিভাবান, পরিশ্রমী এবং প্রাণবন্ত অভিনেতা হিসেবে স্মরণ করছেন, যার চলে যাওয়া বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।