নিউইয়র্কভিত্তিক টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।
নিউইয়র্কভিত্তিক টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।ছবি: সংগৃহীত

নিউইয়র্কভিত্তিক টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত এই তালিকায় রাজনীতি, সংস্কৃতি ও বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা স্থান পেয়েছেন।

তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিনোদন অঙ্গন থেকেও রয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য জোয়ি সালডানা, নিকি গ্লেজার, জনাথন গ্রফ, ইথান হক, ডাকোটা জনসন, কেট হাডসন, রণবীর কাপুর, জাফর পানাহি এবং কে-পপ তারকা জেনি।

এ বছরের চারটি আন্তর্জাতিক প্রচ্ছদে স্থান পেয়েছেন জোয়ি সালডানা, নিকি গ্লেজার, ওয়াগনার মোরা এবং সংগীতশিল্পী লুক কম্বস।

সম্পাদকীয়তে বলা হয়েছে, প্রভাব নির্ধারণের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। যারা নিজেদের কাজের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করছেন বা সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনছেন, তারাই এই তালিকায় স্থান পান।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ডিজিটাল যুগে সিনেমা, ধারাবাহিক ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের চিন্তা-ভাবনায় বড় ধরনের প্রভাব ফেলছে। ফলে শিল্পীরা এখন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং বৈশ্বিক সংস্কৃতির প্রতিনিধিত্বও করছেন।

এ তালিকাকে ঘিরে আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কে ‘টাইম ১০০ গালা’ অনুষ্ঠিত হবে, যেখানে তালিকাভুক্ত ব্যক্তিরা অংশ নেবেন।