
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় এসেছেন, এবার নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করে। অভিনয়ের পাশাপাশি তার ফিটনেস সচেতনতা ও ভিন্নধর্মী জীবনযাপন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই থাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি নিজেকে ‘পেসকেটেরিয়ান’ জীবনধারার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে কঠোর কোনো ডায়েট মেনে চলার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাওয়াদাওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন।
খাবার নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে জয়া বলেন, তিনি খেতে ভালোবাসেন এবং নিজেকে বঞ্চিত করতে চান না। তার মতে, মাঝে মাঝে মনকে ভালো রাখার জন্য পছন্দের খাবার খাওয়া জরুরি।
তবে এই অভ্যাসের পেছনে মানসিক একটি পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। জয়ার ভাষ্য, এখন মাছ বা ডিম খেতেও তার অস্বস্তি লাগে। তার মনে হয়, এসব খাওয়া মানেই যেন কোনো প্রাণীর ক্ষতি করা যা তাকে মানসিকভাবে বিচলিত করে।
অভিনেত্রীর মতে, প্রাণী অধিকার নিয়ে কাজ করার পর থেকেই এই অনুভূতি তার মধ্যে বেশি করে তৈরি হয়েছে। এমনকি মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রেও একই ধরনের দ্বিধা কাজ করে বলে জানান তিনি।
খাদ্যাভ্যাসে পরিবর্তন এলেও পুষ্টির বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখেন। বিশেষ করে নারীদের জন্য নিয়মিত প্রোটিন গ্রহণ জরুরি বলেই মনে করেন এই অভিনেত্রী।
শুটিং সেটের খাবার প্রসঙ্গে মজার ছলে জয়া জানান, শিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ না থাকলে তার মেজাজই নাকি ঠিক থাকে না এগুলোকে তিনি শুটিংয়ের ‘অফিশিয়াল’ খাবার বলেও উল্লেখ করেন।
এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার দিনের অপরিহার্য অংশ। ছোটবেলা থেকেই সবজি ও কিছু কাঁচা খাবারের প্রতি তার ঝোঁক রয়েছে বলেও জানান তিনি।
সিমু/আরটিএনএন



