
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ সম্প্রতি আলোচিত নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়, পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা গ্রহণ এবং পূর্বাচলে জমি পাওয়ার গুঞ্জন এসব প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, বহুল আলোচিত সেই জমি তিনি পাননি। তিনি বলেন, তাকে কোনো জমি দেয়া হয়নি; বরং তিনি শুধু আবেদন করেছিলেন, যেমন আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। তার ভাষায়, ১ টাকা পারিশ্রমিক নেয়ার পেছনে কাজ করেছে তার আবেগ, তার বাবা একজন মুক্তিযোদ্ধা হওয়ায় এই চরিত্রে অভিনয়কে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখেছিলেন। জমির আবেদনটি করেছিলেন ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে, তবে সেটির কোনো রেজিস্ট্রেশন হয়নি এবং তিনি কখনও সেই জমিতে যানওনি।
এই সিনেমায় অভিনয়ের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে শুভকে। তিনি দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এক ধরনের ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হন। তার মতে, ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি সম্পর্কে তার জ্ঞান সীমিত এবং তিনি সারাজীবন শুধুই অভিনয় করেছেন তাকে রাজনৈতিক কোনো কিছুর সঙ্গে যুক্ত প্রমাণ করা যাবে না।
ব্যক্তিগত জীবনেও ২০২৪ সালকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। একই বছরে তিনি হারিয়েছেন তার সবচেয়ে কাছের মানুষ মাকে। পাশাপাশি ভেঙে গেছে তার দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক। এই কঠিন সময়ের অভিজ্ঞতা তাকে মানসিকভাবে অনেক বদলে দিয়েছে বলেও জানান তিনি।
সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন শুভ। তার মতে, এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি আসল মানুষ চিনতে পেরেছেন, যা তার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি।
মায়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জানান, তার মা দীর্ঘ ৯ বছর সিজোফ্রেনিয়ায় ভুগেছেন এবং সেই লড়াই তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। অল্প বেতনের চাকরি করে তার মা সন্তানদের বড় করেছেন। শুভ বলেন, তার হার না মানার মানসিকতা তিনি মায়ের কাছ থেকেই পেয়েছেন।
একইসঙ্গে দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তার মতে, সমাজে শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দেওয়া হলেও মানসিক সমস্যাকে এখনও যথাযথভাবে রোগ হিসেবে দেখা হয় না, যা পরিবর্তন হওয়া প্রয়োজন।
এদিকে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন আরিফিন শুভ। মুম্বাইয়ে নির্মিত ‘জ্যাজ সিটি’ প্রজেক্টে তার অভিনয় ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং কলকাতার সংগীত সংস্কৃতি নিয়ে নির্মিত এই প্রজেক্টটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং এটিকে নিজের ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।



