অক্ষয়,রিয়্যালিটি শো, হুইল অব ফরচুন,
উচ্চশিক্ষিতদের সামনে নিজেকে ‘ছোট’ মনে হয় অক্ষয়ের।ছবি: সংগৃহীত

পর্দায় নায়ক হিসেবে দাপট দেখালেও বাস্তব জীবনে উচ্চশিক্ষিত মানুষের সামনে দাঁড়ালে নিজেকে ছোট মনে হয় বলে জানিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সম্প্রতি তিনি নিজের সঞ্চালিত রিয়্যালিটি শো হুইল অব ফরচুন এর একটি পর্বে প্রতিযোগীদের সঙ্গে আলাপের সময় এই ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সোনালি নামের এক উচ্চশিক্ষিত প্রতিযোগীর প্রশংসা করতে গিয়ে অক্ষয় বলেন, অনেক সময় বেশি ডিগ্রিধারী মানুষের সামনে দাঁড়ালে তার মধ্যে এক ধরনের সংকোচ কাজ করে। তিনি জানান, যাদের পড়াশোনার সুযোগ কম হয়েছে, তারা শিক্ষিত মানুষদের সামনে গেলে মাঝে মাঝে নিজেদের ছোট মনে করতে পারেন।

অক্ষয় আক্ষেপের সুরে বলেন, জীবনের এই পর্যায়ে এসে তার মনে হয় যদি আরও বেশি পড়াশোনা করার সুযোগ পেতেন, তাহলে ভালো হতো। তবে এখন বই নিয়ে বসলেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। মজার ছলে তিনি আরও জানান, যখনই কোনো বই পড়তে বসেন, কেন জানি না চোখে পানি চলে আসে।

নিজের অভিজ্ঞতার কথা জানালেও তরুণদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি। অক্ষয় বলেন, তাকে আদর্শ হিসেবে না দেখে বরং শিক্ষিত মানুষদের অনুসরণ করা উচিত। তার মতে, জীবনে সফল হতে পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখযোগ্য, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না একজন প্রতিষ্ঠিত লেখিকা। তিনি ২০২৪ সালে লন্ডনের গোল্ডস্মিথস বিশ্ববিদ্যালয় থেকে ফিকশন রাইটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তবে অক্ষয় স্বীকার করেছেন, টুইঙ্কলের লেখা পাঁচটি বইয়ের কোনোটিই তিনি এখনও পুরোপুরি পড়তে পারেননি।

অন্যদিকে, অক্ষয় শিগগিরই নতুন সিনেমায় পর্দায় ফিরতে যাচ্ছেন। পরিচালক প্রিয়দর্শন এর নতুন চলচ্চিত্র ভূত বাংলাতে তাকে দেখা যাবে। প্রায় ১৪ বছর পর আবারও এই সিনেমার মাধ্যমে একসঙ্গে কাজ করছেন অক্ষয় ও প্রিয়দর্শন। ছবিটিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বি। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে।
 
সূত্র: এনডিটিভি

সিমু/আরটিএনএন