ঘণ্টাখানেক পানিতে তলিয়ে রাহুলের মৃত্যু, ফুসফুসে বালি-নোনাজল, বিনোদন, রাহুল, রাহুল ব্যানার্জি, টলিউড,
সদ্যপ্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি।ছবি: সংগৃহীত

সদ্যপ্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি দিঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে ঘণ্টাখানেক পানিতে তলিয়ে থাকার পর মর্মান্তিকভাবে মারা গেছেন। ময়নাতদন্তে দেখা গেছে, তার ফুসফুসে বিপুল পরিমাণ বালি ও নোনাজল জমে রয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গভীর পানির চাপ এবং চোরাবালির প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাহুল সাঁতার জানতেন, তবে আকস্মিক পরিস্থিতিতে হয়তো নার্ভাস হয়ে নিজেকে সামলাতে পারেননি। শুটিং ইউনিটের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

রাহুলের ব্যক্তিগত গাড়িচালক অভিযোগ করেছেন, শুটিং স্পটে জরুরি চিকিৎসা সহায়তার কোনো ব্যবস্থা ছিল না। দ্রুত চিকিৎসা পাওয়া গেলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত।

সোমবার সকালে তমলুক হাসপাতালে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক-সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান। নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য জানিয়েছেন, মরদেহ কলকাতার বিজয়গড়ে ভোলা বসু ভবনে রাখা হবে, যাতে সহকর্মী ও ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পরে সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যু টলিউড অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

আরবিএ/আরটিএনএন