
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান প্রথমবারের মতো তার দেড় বছরের মেয়ে লারার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে জানালেন, তার মেয়ে লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ (ডিডিএইচ) নামক বিরল রোগে আক্রান্ত, যার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।
লারা ২০২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করেন। বরুণ বলেন, “ডিডিএইচ এমন একটি অবস্থার নাম, যেখানে শিশুর হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকমতো বসে না। এতে এক পা অন্য পায়ের চেয়ে ছোট-বড় হতে পারে এবং শিশুর হাঁটার ভঙ্গি বেঁকে যায়।”
অভিনেতা জানান, সঠিক সময়ে চিকিৎসা না করলে ভবিষ্যতে আর্থ্রাইটিস ও স্লিপ ডিস্কের মতো সমস্যা হতে পারে। তবে সুখবর হলো, লারার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। বিশেষ চিকিৎসার মাধ্যমে তার হিপ ঠিক জায়গায় বসানো হয়েছে। কিন্তু দীর্ঘ সময় তাকে ‘স্পাইকা কাস্ট’ বা বিশেষ প্লাস্টারে থাকতে হয়েছে। আড়াই মাস ধরে পুরো শরীর প্লাস্টারে থাকার সময়টি পরিবারের জন্য চ্যালেঞ্জিং ছিল, জানিয়েছেন বরুণ।
সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন বরুণ। তিনি বলেন, “সহানুভূতি পাওয়ার জন্য আমি এটি বলছি না। বরং ভারতে এই রোগের সঠিক চিকিৎসা ও সচেতনতা সবাইকে জানানোই আমার উদ্দেশ্য।” তিনি অভিভাবকদেরও অনুরোধ করেন, শিশুদের শারীরিক সমস্যায় কখনো অবহেলা না করতে।
বরুণ জানান, লারা এখন ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই কঠিন লড়াই এবং অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বইও লেখার পরিকল্পনা করেছেন।
কর্মজীবনে বরুণ ধাওয়ান বর্তমানে সাফল্যের শীর্ষে। তাকে শেষবার অনুরাগ সিং পরিচালিত ব্লকবাস্টার ছবি বর্ডার ২-এ দেখা গেছে, যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সেও জনপ্রিয়তা পাচ্ছে।



