
বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা রিহানা অল্পের জন্য ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে তার বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে বন্দুক হামলা। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আদালতে হাজির করা হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ (রোববার) দুপুর সোয়া ১টার দিকে ফ্লোরিডার বাসিন্দা ৩৫ বছর বয়সী ইভানা লিসেট অরটিজ একটি গাড়ি নিয়ে রিহানার বাড়ির সামনে এসে হাজির হন। কিছুক্ষণ পরই তিনি একটি ‘এআর-১৫’ স্টাইলের রাইফেল দিয়ে হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।
গুলির তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকটি গুলি দেয়াল ভেদ করে সরাসরি বাড়ির ভেতরে গিয়ে পৌঁছায়। ঘটনাস্থল থেকে পুলিশ অ্যাসল্ট রাইফেলের কার্তুজ ও গুলির খোসা উদ্ধার করেছে।
সেই ভয়াবহ মুহূর্তে রিহানা এবং তার সন্তানেরা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, গায়িকা ও তার পরিবার বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন রিহানা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে একজন হামলাকারী তার ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে গুলি চালাতে পারল—তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইভানা লিসেট অরটিজের বিরুদ্ধে হত্যাচেষ্টা, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা এবং জনবহুল যানবাহনে গুলি চালানোসহ অন্তত ১০টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) তাকে লস এ্যাঞ্জেলস এর একটি ফৌজদারি আদালতে হাজির করা হয়।
প্রাথমিকভাবে তার জামিন ১০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ১.৮৭৫ মিলিয়ন ডলার করা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইন সংশ্লিষ্টরা।
আদালত মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৫ মার্চ নির্ধারণ করেছেন।



