
কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকেই এবারের অ্যালবামের নাম আরিরাং রেখেছে বিটিএস। গতকাল বৃহস্পতিবার অ্যালবামের নাম ঘোষণা করেছে গ্রুপটি। প্রায় চার বছর বিরতির পর আগামী ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবামটি নিয়ে ফিরছেন তারা । কোরিয়া হেরাল্ড থেকে খবরটি জানা যায়।
বিগ হিট মিউজিক জানায়, অ্যালবামে নিজেদের শেকড়কে তুলে ধরেছে বিটিএস। পাশাপাশি হৃদয়ের আকুলতা ও ভালোবাসায় সুর বুনেছেন শিল্পীরা। তারা আরো জানায় বিটিএসের আরিরাং অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। ২০২৫ সালের শেষ ভাগে অ্যালবামের রেকর্ডিং হয়েছে।
আরিরাং দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরোনো একটি লোকগান। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ জড়িয়ে আছে। গানটির উৎপত্তি কবে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে প্রায় এক শ বছর ধরে গানটি কোরিয়ায় জনপ্রিয়তা পেয়েছে।
এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম প্রুফ প্রকাশ করেছিলেন আরএম, জিমিনরা। বিটিএস ২০২০ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ম্যাপ অব দ্য সোল: সেভেন প্রকাশ করেছিল ।
বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে । আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্পোর্টস কমপ্লেক্স থেকে ট্যুর শুরু হবে। মঙ্গলবার রাতে বিটিএস বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করে ।
এখন পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার ৩৪ শহরে ৭৯টি কনসার্ট নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় গাওয়ার পর ২৫ এপ্রিলে ফ্লোরিডা থেকে উত্তর আমেরিকা পর্ব শুরু হবে। উত্তর আমেরিকার ১২টি শহরে ২৮টি শো রয়েছে। জুন থেকে জুলাইয়ের মধ্যে ট্যুর যাবে ইউরোপে।
সেখানে লন্ডন, প্যারিসসহ ৫টি শহরে মোট ১০টি কনসার্ট হবে। দক্ষিণ আমেরিকা পর্বে সাও পাওলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেসসহ পাঁচটি শহরে গাইবে বিটিএস।
২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ শো শেষ করেছে বিটিএস। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি গ্রুপটিকে।
এমআর/আরটিএনএন



