‘সুদর্শন পুরুষ’ এডলফ খান
‘সুদর্শন পুরুষ’ এডলফ খান ছবি: ভিডিও থেকে নেয়া

মডেলিং শেখানোর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ‘সুদর্শন পুরুষ’ হিসেবে পরিচিত এডলফ খানকে আটক করেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার পর একদল শিক্ষার্থী কার্জন হল এলাকায় তাকে আটক রাখেন।

তবে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন। এ সময় এডলফ খান তিন দিনের সময় চান এবং এই সময়ের মধ্যে নেয়া টাকা পরিশোধ করবেন বলে জানান।

পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময় গণমাধ্যমকর্মীরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এর আগে কার্জন হল চত্বরে একদল শিক্ষার্থী তাকে প্রায় আধাঘণ্টার বেশি সময় আটকে রাখেন। ওই সময়ও তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত রয়েল হোসেন নয়ন নামে এক শিক্ষার্থী জানান, সুহাস নামে তাদের এক বড় ভাইয়ের কাছ থেকে মডেলিং শেখানোর কথা বলে কিস্তিতে বিভিন্ন সময়ে মোট এক লাখ ১০ হাজার টাকা নেন এডলফ খান। তবে টাকা নেয়ার পর তিনি আর মডেলিং শেখাননি। 

পরে শুক্রবার আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত-মৈত্রী হল সংসদের এজিএস হাফসাকে নতুনভাবে কাজ শেখানোর কথা বলে টাকা নিতে এলে শিক্ষার্থীরা তাকে আটক করেন। দীর্ঘদিন তাকে খুঁজে না পাওয়ায় আটক করে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল বলেও জানান তিনি।