জ্বালানি সংকটের কারণে তারা এটা ভাবছেন। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। 
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনা নিচ্ছে সরকার।ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন।

শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন জানিয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এদিকে, আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে (Easter Sunday) উপলক্ষে আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি (Weekly holidays) থাকায় সব মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ ও মাদরাসাগুলো। দীর্ঘ ক্লাস ও পরীক্ষার চাপের মাঝে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এটি একটি বড় স্বস্তির সংবাদ।