বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া দুই শিক্ষার্থীসহ অন্তত সাতজন বিভাগীয় টপার স্থান পেয়েছেন।

বিভাগীয় টপার হিসেবে কমিটিতে রয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহাবুব আলম (মিরাজ)।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ছাত্রশিবির বরাবরই মেধাবী, সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থীদের সংগঠন। তিনি বলেন, “শিবির শুধু রাজনীতি করে না; এর বাইরে নানা সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিও পরিচালনা করে। ২১ সদস্যের কমিটিতে এক-তৃতীয়াংশ টপার থাকা তারই প্রতিফলন।”

কমিটির সদস্যদের তথ্য অনুযায়ী, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া ২০২০–২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছিলেন। একই শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া রাফিদ হাসান সাফওয়ানও কমিটিতে রয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সম্পাদক এবং সংগঠনের গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি মহিউদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম হন। পরে স্নাতকোত্তরেও ৩.৯৭ সিজিপিএ অর্জন করেন।

এ ছাড়া স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ আরবি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় ৩.৯৮ সিজিপিএ পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন। মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এর আগে স্নাতক পর্যায়ে কবি জসীমউদ্দীন হলে প্রথম হয়ে গোল্ড মেডেল ও ডিনস অ্যাওয়ার্ড পান তিনি।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান ২০১৯–২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩০তম স্থান অর্জন করেন। পরে আরবি বিভাগ থেকে স্নাতক অনার্সে ৩.৯৯ সিজিপিএ পেয়ে প্রথম স্থান অধিকার করেন এবং ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। অন্যদিকে ছাত্রকল্যাণ সম্পাদক মাহাবুব আলম (মিরাজ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেছেন।