
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক আল-মুজাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি। বুধবার (১১ মার্চ) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে শোক বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া মুজাহিদের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রজীবনে আল-মুজাহিদ একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী ছিলেন। সততা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তার সরল জীবনযাপন এবং সংগঠনের প্রতি একনিষ্ঠতা সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেন, “আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক অর্থ সম্পাদক প্রিয় ‘আল-মুজাহিদ’ ভাই। সম্প্রতি ভাই আরবি প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন এবং দাম্পত্য জীবনও শুরু করেছিলেন। কিন্তু জীবন এত দ্রুত সমাপ্ত হলো। ভাই ছিলেন অত্যন্ত মোখলেস, অমায়িক ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। সাংগঠনিক বিভিন্ন কমিটি ও উপ-কমিটিতে তাঁর অধীনে কাজ করার সুযোগ হয়েছে। কখনো তাঁকে কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলতে দেখিনি। আল্লাহ প্রিয় ভাইয়ের সকল ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।”
দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “আমার প্রিয় ছাত্র মুজাহিদ—আকর্ষণীয় ও বিনয়ী একজন দাঈ। সম্প্রতি ক্যাম্পাস থেকে বিদায় নিয়েছে, চাকরি পেয়েছে এবং বিয়েও করেছে। কিন্তু দুনিয়ায় তার সময় সীমিত ছিল। আজ সে চলে গেল ওপারের সুন্দর ভুবনে।”
জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে শিক্ষার্থী আল-মুজাহিদ স্ট্রোক করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যু বরন করেন। তার বাড়ি সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নে।



