আবু সুফিয়ান ও জীবন রায়
আবু সুফিয়ান ও জীবন রায়ছবি: আরটিএনএন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু সুফিয়ান আল মামুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবন রায় অভি।

২১ এপ্রিল (বুধবার) গ্রুপ সভাপতি ও উপাচার্য ড. শওকাত আলী-এর উপস্থিতিতে সম্পাদক মো. আখের চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস ও পুলক অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. আইভি আক্তার এবং সাংগঠনিক সম্পাদক শ্রাবণী দেবনাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সার্বিক কার্যক্রম পরিচালনা ও সহায়তার লক্ষ্যে রোভার স্কাউটদের আবেদন, প্রশিক্ষণ, বিভিন্ন স্তরে দায়িত্ব পালন, দক্ষতা, অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারসহ সার্বিক মূল্যায়নের ভিত্তিতে রোভারদের ওপর ‘মেট কাউন্সিল’-এর দায়িত্ব অর্পণ করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি আবু সুফিয়ান আল মামুন বলেন, সেবার ব্রত নিয়ে এগিয়ে চলাই তাদের মূল লক্ষ্য। পূর্ববর্তী কাউন্সিলের ধারাবাহিকতা বজায় রেখে স্কাউটিং প্রোগ্রামের প্রতিটি ধাপ বাস্তবায়নের মাধ্যমে এই গ্রুপকে আরও গতিশীল, আধুনিক এবং দেশসেবায় আদর্শিক দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি রোভারিংয়ের মূল চেতনাকে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে সাধারণ সম্পাদক জীবন রায় অভি বলেন, দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। নিজের মেধা ও শ্রম দিয়ে ইউনিটের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।