
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের নিয়ে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলাভবন ক্যাফেটেরিয়া (ডাকসু ক্যাফেটেরিয়া) প্রাঙ্গণে এ জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজের নেতারা অংশ নেবেন।
এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজসহ ঢাকা মহানগরের বিভিন্ন শাখার ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জরুরি এই বৈঠকে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।



