ইবির শহীদ আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট ড. হাফিজুর রহমান।
ইবির শহীদ আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট ড. হাফিজুর রহমান। ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ছাত্রহল ‘শহীদ আবরার ফাহাদ হল’-এর প্রথম প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ১৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. হাফিজুর রহমানকে শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট দুটি ছাত্রহল ও দুটি ছাত্রী হলের নির্মাণকাজ শুরু হয়। এরই অংশ হিসেবে নির্মিত ছাত্রহল-১-এর নামকরণ করা হয় ‘শহীদ আবরার ফাহাদ হল’। যদিও এখনো হলটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শেষ হয়নি, তবে প্রথম ব্লকের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, হলের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে প্রশাসন তাকে এ দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, “আমি যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। এটি একটি বড় হল, শিক্ষার্থীর সংখ্যাও বেশি হবে। আমার প্রথম লক্ষ্য থাকবে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের আবাসন দেওয়ার আগে তিনি নিজে প্রতিটি কক্ষ পরিদর্শন করবেন, যাতে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়। এরপরই শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে।

হল পরিচালনার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, অন্যান্য হলের ধারণক্ষমতা সাধারণত ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী হলেও এই হলের একটি ব্লকেই এত শিক্ষার্থী থাকতে পারবে। তাই শুরুতে প্রশাসনিক কাঠামো (অর্গানোগ্রাম) তৈরি, অফিস পরিচালনা গুছিয়ে নেওয়া এবং নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত নির্মাণকাজ শেষ করে হলটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।