ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সংগঠনটির নেতারা বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর প্রশ্ন তুলেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

তারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যক্রম কখনোই বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলেও ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লেকে স্থানীয় বহিরাগতদের আপত্তিকর অবস্থায় দেখে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুণ বিশ্বাস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিখন বেধড়ক মারধরের শিকার হন। হামলায় তরুণের নাক ফেটে যায় এবং একটি দাঁত ভেঙে যায়।

এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইবি থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।