ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি কলেজে সংগঠনটির সদস্যদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগকে কেন্দ্র করে এই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে টিএসসি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং চট্টগ্রামে সংঘটিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা শিক্ষাঙ্গনে সহিংসতা ও ‘গুপ্ত অপরাজনীতি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে, যা প্রতিহত করতে ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি। তিনি আরও বলেন, দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে।

নাছির উদ্দীন নাছির তার বক্তব্যে বলেন, শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। ছাত্রশিবিরের সহিংসতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজনে এসব ঘটনার কঠোর জবাব দেয়া হবে।

সমাবেশে উপস্থিত অন্যান্য নেতারাও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। 

এসএস