
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উৎসবটির উদ্বোধন করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি এবং ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।



