
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬।
মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে অবস্থিত গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে চার দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পে সারা দেশ থেকে বাছাইকৃত প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের ছয়টি রেজিমেন্টে ভাগ করা হয়েছে। সংগঠনের প্রাক্তন সভাপতি ও স্মরণীয় ব্যক্তিদের নাম অনুসারে রেজিমেন্টগুলোর নামকরণ করা হয়েছে-বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, আল মাহমুদ ও আবু জাফর সবুজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি ড. আলী আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত সভাপতি জয়নুল আবেদীন আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন প্রধান পরিচালক ও উপদেষ্টা সদস্য হাসান মুর্তাজা, প্রাক্তন প্রধান পরিচালক সাইফুল ইসলাম এবং প্রধান পরিচালক ও ক্যাম্প চিফ মুজাহিদুল ইসলাম।
চার দিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য “নিজেকে গড়ো” সেশন, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু পার্লামেন্ট, মেধা যাচাই ও মাঠভিত্তিক নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা-এই পাঁচটি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।



