
বিশিষ্ট গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাশিদা সুলতানা ১৮ এপ্রিল ২০২৬ তারিখে কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পাণ্ডুলিপি পাঠ ও সম্পাদনায় তার অসামান্য অবদান রয়েছে। একই সঙ্গে নজরুল সাহিত্য বিশ্লেষণেও তিনি ছিলেন অনন্য। বাংলা একাডেমি থেকে মোহাম্মদ আবদুল কাইয়ুমের সহযোগিতায় সংকলিত ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান’ এবং ‘আলাওল রচনাবলী’ তার উল্লেখযোগ্য সম্পাদনা কর্ম।
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে বাংলা একাডেমি পরিচালিত ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ এবং ২০২৪ সালে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



