
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোটগ্রহণ শেষে গণনা করে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল আলিম আরিফকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ শাখা সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিলকে মনোনয়ন দেন। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সদস্য সমাবেশের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, ছাত্রশিবির অতীত সময়গুলোতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে এবং আদর্শিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সংগঠন তার প্রতিশ্রুতি রক্ষায় কাজ করবে এবং শিক্ষার্থীবান্ধব কর্মসূচিগুলো নিয়মিতভাবে চালিয়ে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে অবদান রাখতে সংগঠন কাজ করে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ন্যায্য অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এসএস



