
রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রকাশ্যে শাখা ছাত্রদল ও জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রমের পর এবার নববর্ষের ‘প্রকাশনা উৎসব’ আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘স্বাধীনতা স্মারক’ মাঠে প্রথমবারের মতো এই উৎসব শুরু হয়। উৎসবটি চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আয়োজনে শিবিরের বিভিন্ন প্রকাশনা কর্নার, সাহিত্য কর্নার, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও কফি কর্নারসহ নানা আয়োজন রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাওসার আলী বলেন, এই প্রোগ্রামটি অনেক ভালো হয়েছে এবং এখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। ছাত্র অবস্থায় আমরা অনেক সময় হতাশায় ভুগি; এখানে এসে দেখলাম অনুপ্রেরণামূলক অনেক বই আছে যা পড়লে ছাত্ররা উজ্জীবিত হতে পারবে। সব মিলিয়ে এটি একটি সুন্দর আয়োজন।
অন্য এক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, শিবির এর আগেও ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজন করেছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখানে যদি সমস্যা না থাকে, তবে এখানে আসতেও আমি কোনো সমস্যা দেখি না। যদি এটি নিয়ে আপত্তি থাকত, তবে ইফতার মাহফিলেই বাধা দেওয়া উচিত ছিল। তাই এ নিয়ে নতুন করে সমালোচনা করার কোনো কারণ দেখছি না।
শিবিরের অন্যতম নেতা শিবলী সাদিক বলেন, আমরা ছাত্ররাজনীতির বিপক্ষে কখনোই ছিলাম না। যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, তার ধারাবাহিকতায় শাখা শিবির ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রম করেনি। তবে ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম করেছে।শিবিরের সেক্রেটারিয়েটের সিদ্ধান্ত অনুযায়ী শিবিরও ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করবে।তার ধারাবাহিকতায় এই অনুষ্ঠান তারই অংশ।
বেরোবি শাখা শিবিরের সভাপতি মো. সুমন সরকার বলেন, ইসলামী ছাত্রশিবির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো। আমাদের নিজস্ব প্রকাশনা সম্পর্কে ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা যাতে সম্যক ধারণা লাভ করতে পারেন, বইগুলো কিনতে পারেন এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিশদভাবে জানতে পারেন। এটাই মূলত এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, এর আগে বেরোবি শাখা ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া গত ৮ এপ্রিল জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী এবং সভাপতিত্ব করেন প্রক্টর ড. ফেরদৌস রহমান।



