প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের ভাবনা সরকারের,  শিক্ষা, বৃত্তি পরিক্ষা, পরিবর্তন, টাকার পরিমাণ,
সাংবাদিকদের সাথে কথা বলছেন ববি হাজ্জাজ।ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা নতুন করে পর্যালোচনা করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সরকারের লক্ষ্য হলো বৃত্তিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।

পরিদর্শনের বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি মতিঝিলের দুটি কেন্দ্র ঘুরে দেখেন এবং বলেন, সারাদেশ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী পরীক্ষার পরিবেশ সন্তোষজনক।

তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের কিছু প্রত্যাশার কথাও জানা গেছে, যা আলোচনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে এ কার্যক্রম আরও কার্যকর ও উৎসাহব্যঞ্জক হয়।

শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষাকেও আরও জোরদার করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।