চৈত্র সংক্রান্তিতে রংবেরঙের ঘুড়িতে উৎসবমুখর বেরোবি মাঠ
চৈত্র সংক্রান্তিতে রংবেরঙের ঘুড়িতে উৎসবমুখর বেরোবি মাঠছবি: আরটিএনএন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঘুড়ি উৎসবটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা নানা রঙের ঘুড়ি আকাশে উড়ান। এমনকি ছোট ছোট ছেলে-মেয়েদের হাতেও দেখা যায় বিভিন্ন ধরনের ঘুড়ি।

গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা বলেন, কখনো সামনাসামনি দেখা হয়নি, আজ প্রথম এতগুলো ঘুড়ি উড়তে দেখলাম। খুব ভালো লাগছে।

ফাইন্যান্স বিভাগের প্রভাষক নুসরাত জাহান সাদিয়া বলেন, এত লোকজনকে দেখে আমি অভিভূত। আমার অনেক ভালো লাগছে ঘুড়ি উড়ানো দেখে। তবে একই সঙ্গে কষ্টও লাগছে, আমি ঘুড়ি হাতে নিয়ে ঘুরছি কিন্তু উড়াতে পারছি না। আমাদের বিশ্ববিদ্যালয় গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে এটি সত্যিই প্রশংসনীয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, চৈত্র সংক্রান্তিতে ছাত্র-শিক্ষক সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করলাম। আজ ১৪৩২ সালকে বিদায় জানিয়ে আমরা ১৪৩৩ সালের জন্য অপেক্ষা করছি। আশা করি সকলের উপস্থিতিতে আমরা চৈত্র সংক্রান্তিতে ১৪৩২ সালকে বিদায় জানাব।