যবিপ্রবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু, যবিপ্রবি, হ্যান্ডবল, প্রতিযোগিতা, আরটিএনএন,
হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধনের সময়।ছবি: আরটিএনএন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। 

বিশ্ববিদ্যালয়ের দুইটি ছাত্র হল—শহীদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হল এবং দুইটি ছাত্রী হল—তাপসী রাবেয়া হল ও বীরপ্রতীক তারামন বিবি হল—সর্বমোট চারটি হলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রোববার (১২ এপ্রিল) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ‘যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইলফলক। খেলাধুলার ধারাবাহিকতায় এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক এগিয়ে আছে।’

তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে অনুপ্রাণিত করেন।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি ও সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬-এর পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, বীরপ্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন, সহকারী পরিচালক (ফিজিক্যাল) উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনূর রহমান ও মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব।