
গুচ্ছ (GST) পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোট ১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ জন।
সকাল থেকেই কুষ্টিয়া-ঝিনাইদহসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী জেলার পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। হেল্প ডেস্ক, বিএনসিসি, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৮.৫৭ শতাংশ। মোট ১ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৭ জন পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান সার্বক্ষণিক পরীক্ষা কার্যক্রম তদারকি করেন এবং কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষার্থীদের সুবিধার্থে রুম নম্বর নির্দেশনা, সার্বক্ষণিক বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাও ছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



