
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের এই দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয় ও হল কমিটির শতাধিক নেতাকর্মীও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনাকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করাই আমাদের প্রধান প্রেরণা।”
অন্যদিকে, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রামের প্রাক্কাল থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এই দুই নেতার অবদান অনস্বীকার্য। তাদের আদর্শ ও দৃষ্টান্তকে চিরস্মরণীয় করে রাখতে ছাত্রদল বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “তাদের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে আরও গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে।”



