
সরকার দেশের গুরুত্বপূর্ণ আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাতজন নতুন ভিসির নাম ঘোষণা করেন। মঙ্গলবার (১৭ মার্চ) আরও একজন ভিসির নাম প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হয়।
নতুন উপাচার্যদের নিয়োগের খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন ভিসিদের রাজনৈতিক সংযোগ—বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্ক—কেই প্রধান যোগ্যতা হিসেবে উল্লেখ করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাবেক উপাচার্যদের তুলনায় নতুন ভিসিরা আপাতত পিছিয়ে রয়েছেন।
নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া জার্মানির ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব টেকনোলজি ও যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। দেশি-বিদেশি প্রায় ৪০টির বেশি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত এবং তাঁর গবেষণাপত্রগুলো প্রায় এক হাজারবার উদ্ধৃত হয়েছে।
এর আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং অক্সফোর্ড, সোয়ানসি ও এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন। ২০০৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। দুই শতাধিক গবেষণাপত্র ও বই প্রকাশিত, যার মধ্যে ৫০টির বেশি স্কোপাস-ইন্ডেক্স জার্নালে। গুগল স্কলারের তথ্য অনুযায়ী, তাঁর মোট সাইটেশন সংখ্যা ৪,৭৭১। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রো-ভিসি ও ভারপ্রাপ্ত ভিসি ছিলেন। প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সংযুক্তি পাওয়া যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশি ও বিদেশি বিভিন্ন স্বীকৃত জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।
ফরিদুল ইসলাম রাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাবি শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সক্রিয় সদস্য।
সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষাবিদ। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং ২০০টির বেশি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন সাইটেশন প্ল্যাটফর্মে তাঁর গবেষণাপত্র প্রায় ৬,৭০০ বার উদ্ধৃত হয়েছে। বাংলাদেশের পদার্থবিজ্ঞানীদের মধ্যে তিনি শীর্ষ সাইটেশনধারী গবেষকদের মধ্যে একজন।
অধ্যাপক নকীব জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন, পরে পদত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষক আন্দোলনে এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে এক প্রখ্যাত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং পরে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। এরপর কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশি ও বিদেশি বিভিন্ন স্বীকৃত জার্নালে তাঁর ৫১টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. আল-ফোরকান চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শামসুন্নাহার হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। করোনা মহামারির সময় চবিতে কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমে তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য, তাঁর স্ত্রী অধ্যাপক ড. লায়লা খালেদা আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘হলুদ দল’-এর সদস্য।
সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ৪০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি প্রায় ৯টি বই লিখেছেন বা সম্পাদনা করেছেন। তাঁর সাইটেশন সংখ্যা এক হাজারের বেশি।
ড. ইয়াহ্ইয়া আখতার চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চবি শিক্ষক সমিতির নির্বাচনে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং একই বিভাগ থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। দেশি ও বিদেশি স্বীকৃত জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, তবে সাইটেশন সংখ্যা প্রকাশিত নয়।
ড. রইছ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও কাজ করেছেন। এছাড়া বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে জবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর জবি শাখার সভাপতি ছিলেন।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। তিনি সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ড. রেজাউল করিমকে জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
কুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। পরবর্তীতে তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নাসা-সমর্থিত অ্যারোস্পেস সেন্টারে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।
ড. মাছুদ ২৫ বছরের বেশি সময় ধরে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন। তাঁর দেশি ও বিদেশি স্বীকৃত জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক নিবন্ধের সংখ্যা প্রায় ১৪৩টি, এবং গুগল স্কলার অনুযায়ী এই গবেষণাপত্রগুলো ১,০০০-এর বেশি বার উদ্ধৃত হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবার উপাচার্য হিসেবে নিয়োগ পান, পরে আন্দোলনের চাপের কারণে পদত্যাগ করতে হয়। তবে ২০২৬ সালের ১৬ মার্চ সরকার তাঁকে পুনরায় পূর্ণ মেয়াদে উপাচার্য পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। তাঁর প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা প্রায় ৫০টি। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিভিন্ন প্রশাসনিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জুলাইয়ে তিনি সার্চ কমিটির মাধ্যমে কুয়েটের উপাচার্য নিযুক্ত হন, এবং ২০২৬ সালের ১৬ মার্চ ড. মুহাম্মদ মাছুদ পুনরায় দায়িত্ব গ্রহণ করলে তাঁর মেয়াদ শেষ হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিভাগ থেকে পিএইচডি লাভ করেন। তাঁর ৩০টির বেশি গবেষণাপত্র দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. ছিদ্দিকুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন এবং কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর শীর্ষ নেতা এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। এছাড়া অস্ট্রিয়া ও থাইল্যান্ড থেকেও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ড. নুরুল ইসলামের বিভিন্ন স্বীকৃত জার্নালে ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, তিনি বিএনপির অনুসারী।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম আব্দুল হাসিব বুয়েটের মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেছেন। বিভিন্ন স্বীকৃত জার্নালে তাঁর প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি বুয়েটের পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নবগঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুল হাসিব নিয়োগপ্রাপ্ত হলেও, নতুন প্রশাসনিক রদবদলের ফলে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খান। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ ঘোষণা করা হয়। অধ্যাপক আবু জাফর খান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তবে তার গবেষণা বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা অনলাইনে পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, এবং সহকর্মীরাও সঠিক তথ্য দিতে পারেননি।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি একই বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে প্রভাষক হিসেবে যোগদানের পর ২০০৮ সালে ইসলামে মানবিক মূল্যবোধ বিষয়ে গবেষণার জন্য পিএইচডি লাভ করেন। ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দেশে ও বিদেশে বিভিন্ন স্বীকৃত জার্নালে তাঁর ২৫টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।



