গণভোটে
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তনের আহ্বান জানিয়ে ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। 

পাশাপাশি মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে গণভোটভিত্তিক ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। 

বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। 

তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণভোটে ‘হ্যাঁ’ রায়ের কোনো বিকল্প নেই।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।