
রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকার অন্যতম সন্ত্রাসী মো. শফিকুল ইসলাম বাদশা ওরফে গুজা বাদশাকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৩। তার বিরুদ্ধে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া।
তিনি জানান, গত সোমবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর ডেমরার মাতুয়াইলের হাজী বাদশা মিয়া রোডের নিউ টাউন আবাসিক এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে গুজা বাদশাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের নিজ বাড়ির তৃতীয় তলায় কতিপয় সন্ত্রাসী বাহিনী সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিমকে রুমে ঢুকে হত্যা করে পালিয়ে যায়। গুজা বাদশা এই হত্যা মামলার অন্যতম আসামি। সে এতদিন পলাতক ছিল।
তিনি জানান, হাতিরঝিল ও রামপুরা এলাকায় গুজা বাদশার নাম শুনলেই মানুষের মাঝে আতঙ্ক ছড়াত। গুজা বাদশা দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত ছিলেন বলেও জানা গেছে।
তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার রামপুরা ও হাতিরঝিল থানায় হত্যা, চাঁদাবাজি , বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ সর্বমোট ১৪টি মামলা রয়েছে। এছাড়াও তার নামে একাধিক গ্রেপ্তারি ওয়ারেন্টও রয়েছে।



