
বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্টে গণভোটের জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে গণভোট বাস্তবায়নে গড়িমসি করে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। যেই সংবিধানের আইন গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে সেই সংবিধান ছুড়ে ফেলে দিতে আমরা সময় নেব না। এই সংবিধান মেনে আমরা হাসিনাকে বিতাড়িত করিনি। কোনো জালিমকে বিতারিত করার জন্য আমরা কোনো আইন মানি না।
তিনি বলেন, যে বিএনপি ইলিয়াস আলীর গুমকারীদের খুঁজে বের না করে গুম অধ্যাদেশ বাতিল করে তারা কখনো মজলুমের পক্ষে অবস্থান করতে পারে না। তারা ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।
এ সময় মহানগর ছাত্রশিবির সভাপতি ইমরান নাজির বলেন, এ দেশের মানুষ আশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশ বিনির্মানের জন্য গণভোটকে জয়ী করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি পুরাতন ফ্যাসিবাদের মতো নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না।
হুশিয়ারী প্রদান করে তিনি বলেন, সাকিব আঞ্জুমান, আলী রায়হান জীবন দিয়েছে। প্রয়োজনে আমরা আবার জীবন দেব কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করে ছাড়ব। সবাই প্রস্তুত থাকুন আবার লড়াই হবে।
বিক্ষোভে মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক খালেদ হাসান, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেল ৫টায় নগরীর যাদুঘর মোড় থেকে বিক্ষোভের সূচনা করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাহেব বাজারের জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।



