
চাহিদামত ডিজেল না পেয়ে মেহেরপুরে ভুট্টা মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, ফিলিং স্টেশন থেকে সাধারণ কৃষকরা প্রয়োজনীয় পরিমাণ ডিজেল পাচ্ছেন না। সিন্ডিকেট করে ডিজেল বিক্রি হচ্ছে বাড়তি দামে।
গেল এক সপ্তাহ ধরে মেহেরপুর জেলায় ভুট্টা মাড়াই শুরু হয়েছে। ক্ষেতের ভুট্টা বহন ও মাড়াই যন্ত্রগুলো সবই ডিজেল চালিত। ডিজেল অভাবে সময়মত মাড়াই করার যন্ত্র পাওয়া যাচ্ছে না। মাড়াই মেশিন মালিকদের কাছে বারবার ধর্ণা দিতে হচ্ছে প্রান্তিক কৃষকদের। ডিজেল না পাওয়ার কারণ দেখিয়ে মেশিন মালিকরা বাড়িয়ে দিয়েছেন ভাড়া। কৃষকরা জানান, দ্রুত ভুট্টা মাঠ থেকে তোলা না গেলে ঝড়-বৃষ্টির মুখে ব্যাপক ক্ষতি হতে পারে।

এদিকে, ভুট্টার পর পাট আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কিন্তু ডিজেল অভাবে সময়মত জমি চাষ করতে পারছেন না। এক ধরনের সিন্ডিকেটের কবলে প্রকৃত কৃষকরা ডিজেল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কৃষকরা।



