
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অভিযানে প্রায় ১ কোটি ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল মুকুন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
তবে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে লক্ষ্মীবাজার এলাকা থেকে পিকআপটি আটক করা সম্ভব হয়। এ সময় পিকআপে থাকা উন্নতমানের ১,১৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই লক্ষ্য বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরসহ সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান নির্মূলে বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে।



