হাম আতঙ্ক: রাজশাহী ও কুষ্টিয়ায় এক দিনে ৫ শিশুর মৃত্যু।
হাম আতঙ্ক: রাজশাহী ও কুষ্টিয়ায় এক দিনে ৫ শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত

রাজশাহী ও কুষ্টিয়ায় গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) থেকে শনিবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ৪ শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২০ জনে, যার মধ্যে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

মৃত শিশুদের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং একজনের বাড়ি নাটোরে। তাদের বয়স ৫ থেকে ৭ মাসের মধ্যে ছিল।

ডা. শংকর কে বিশ্বাস জানান, শিশুরা হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শিশুদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।