প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।ছবি: আরটিএনএন

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশিত হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। এজন্য সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন। অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে ঐতিহ্য বহন করে। এদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারাদেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটি জেলায় একটি প্রেসক্লাব স্থাপনের জন্য বর্তমান সরকার কাজ করছে। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সরকার সেই বিষয়ে কাজ করছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, বিশেষ অতিথি হিসেবে পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমান রুমী এবং ড. নরেশ মধু ।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এর আগে শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আটদিনব্যাপী ‘পাবনা বইমেলা’ উদ্বোধন করেন।

এই সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়া ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের উপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে।’

বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. আহমেদ মোস্তফা নোমান।