সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি এসে পৌঁছায়। 

বর্তমানে পদ্মা অয়েল কোম্পানির জেটিতে তা খালাস করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান। তিনি জানান, আজ রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ইউয়ান জিং হে’ নামের জাহাজটি শুক্রবার ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। এটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিং করেছে। তাছাড়া রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।