
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় মজুদকারী মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। আটক মোয়াজ্জেম হোসেন সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ি থেকে চারটি ব্যারেল ভর্তি ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে ডিজেল মজুদ করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। উদ্ধারকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



