পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে ৪৪ জ্বালানি তেল জব্দ
একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুতকৃত আনুমানিক ৪৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। ছবি: আরটিএনএন

নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই এবং জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি, এনএসআই এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরে একই এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন স্থানে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তর করা আরও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন, জব্দ করা ডিজেল সিলেটের একটি শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। তবে এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধার করা জ্বালানি তেল নিরাপদ সংরক্ষণের জন্য নিকটবর্তী ডিপোতে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ ও পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।