
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে জীবননগর উপজেলার হাসাদহ বাজারে এক অভিযানে ৫৭৬ বোতল অবৈধ নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ এবং মাদক বহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই আন্তঃজেলা মাদক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি একটি গোপন সংবাদের ভিত্তিতে হাসাদহ বাজারে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। একটি সিলভার রঙের এলিয়েন প্রাইভেটকারকে সন্দেহভাজন মনে করে থামার সংকেত দিলে, চালক পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়ার পর গাড়ি ও দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে মো. আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৭৬ বোতল ফেয়ারডিল, এলিয়েন প্রাইভেটকার (মূল্য প্রায় ২৫ লাখ টাকা) এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার বিষয় স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



