
সরকারি জমির গাছ কাটার অভিযোগে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি মাদিয়া গ্রামে মুক্তেশ্বরী নদীর পাড় এলাকা পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় যশোর জেলা বিএনপির সাবেক সদস্য টুনু সর্দার-এর বিরুদ্ধে গাছ কাটার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সুমনের একটি গরুর খামার ও আমবাগান রয়েছে ওই এলাকায়। জমিটির পাশ দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী নদী। নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের লাগানো একাধিক গাছ কয়েকদিন ধরে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে টুনু সর্দার দাবি করেন, গাছগুলো তার নিজের লাগানো এবং তিনি সেগুলো কেটেছেন। হাজী সুমনের গাছ কাটার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনে এসে নিয়ে যেতে পারেন।
এদিকে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।



