পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার।
পাম্প থেকে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার। ছবি: সংগৃহীত

যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে ড্রাম ও বোতলে তেল নিয়ে বেশি দামে বিক্রির ঘটনায় যুবদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে যশোর সদর উপজেলা যুবদল।

সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে বহিষ্কৃত ওই দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে তারা যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক জ্বালানি তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে ২৯ মার্চ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) তাদের বহিষ্কার করা হয়।