
রাজবাড়ীর পাংশায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ এবং আজকের শিশুরাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে শিশুদের উন্নত চিন্তাজগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “স্মার্ট ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রাথমিক শিক্ষা শিশুর জীবনে ব্যক্তিত্ব বিকাশ এবং জ্ঞানার্জনের মূল ভিত্তি তৈরি করে। তাই শারীরিক ও মানসিকভাবে সুসংগঠিত করে প্রগতিশীল, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট সমাজ বিনির্মাণে সব শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
এসময় তিনি জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।



