পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাপের কামড়ে মো. আলিফ শেখ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলিফ শেখ ওই গ্রামের মো. রফিকুল ইসলাম বুরোর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে কচু গাছ ও ভুট্টা খেতে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ সে দৌড়ে বাড়িতে এসে তার মাকে জানায়, তার ডান পায়ের গোড়ালিতে কেটে গেছে। বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে শিশুটির মা ক্ষতস্থানে দাঁত মাজার পেস্ট লাগিয়ে দেন।

কিছুক্ষণ পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার মা তাকে দুধ খাওয়াতে গেলে মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন। তখন পরিবারের সদস্যদের সন্দেহ হয়, শিশুটিকে বিষধর সাপে কামড় দিয়েছে।

পরে দ্রুত শিশুটির চাচা মো. শহিদুল ইসলাম তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।