
পাবনার সাঁথিয়ায় দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন।
অভিযুক্ত আবুল হাসনাত বর্তমানে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে কর্মরত। তিনি ওই এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর সহযোগীরা এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছেন। অনেকের জমি দখল করে মাছ চাষ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আবুল হাসনাত। তিনি বলেন, জমি নিয়ে বিরোধ থেকে এসব অভিযোগ উঠেছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।



