লময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় জমি বিরোধের জেরে ২ ব্যক্তি নিহত।
ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় জমি বিরোধের জেরে ২ ব্যক্তি নিহত। ছবি: আরটিএনএন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৬৫) সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত কাশেম (৫৫) একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দুই পরিবারের বাড়িঘর পাশাপাশি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম ও কাশেমের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

পুলিশ জানায়, সন্ধ্যার পর আবুল কালামকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদার মুক্তারপুরে জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালি (৫৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ২টায় শহিদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।